চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। রহনপুর রেলস্টেশন সংলগ্ন কলেজ মোড় এলাকা থেকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেন তাকে কাটা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. শফিকুল ইসলাম নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মরদেহ উদ্ধারের পর থেকেই তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের ধারণা, ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।