অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের কাঙ্ক্ষিত ‘ট্রিলিয়ন ডলারের অর্থনীতি’ অর্জনে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রাম বন্দরে এই টার্মিনাল নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন (গ্রাউন্ড ব্রেকিং) অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের যে বিশাল সম্ভাবনা ও অবদান রয়েছে, এই টার্মিনাল নির্মাণের মধ্য দিয়ে তা আজ আরও এক ধাপ এগিয়ে গেল।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, লালদিয়ার মতো বড় প্রকল্পে বিদেশি বিনিয়োগ প্রমাণ করে বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব। বৃহৎ প্রকল্পগুলোতে এসব বিদেশি বিনিয়োগ আমাদের দেশের কারিগরি খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

নৌপরিবহন মন্ত্রী বর্তমান সরকারের উদ্যোগ সম্পর্কে বলেন, দেশের অর্থ ও বাণিজ্যের প্রসার ঘটাতে যে খাত বা মাধ্যমকে যেভাবে সর্বোচ্চ কার্যকর উপায়ে ব্যবহার করা সম্ভব, বর্তমান সরকার সেভাবেই পদক্ষেপ নিচ্ছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এবং প্রকল্প সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।