লক্ষ্মীপুরে সুপারি গাছে উঠতে রাজি না হওয়ায় রিয়াদ হোসেন নামের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে রুবেল হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে সদর উপজেলার ৪ নম্বর চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত রিয়াদ ওই এলাকার সাহেদ হোসেনের ছেলে এবং অভিযুক্ত রুবেল একই এলাকার মিলনের ছেলে।
তদন্তে জানা গেছে, রুবেল সুপারি পাড়ার জন্য রিয়াদকে গাছে উঠতে বলেন। রিয়াদ এতে রাজি না হলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রুবেল ধারালো ছুরি দিয়ে রিয়াদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ছুরিকাঘাতে রিয়াদের বুক, পেট ও বাঁ পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের পিতা সাহেদ হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেছেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, ঘটনার পর অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।