মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকায় একটি গরুর খামার থেকে ১৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে জসীম উদ্দিনের খামার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, হঠাৎ খামারের গরুগুলো উচ্চশব্দে ডাকাডাকি ও ছুটাছুটি শুরু করলে খামার মালিক জসীম উদ্দিন বিষয়টি লক্ষ্য করেন। ভেতরে গিয়ে তিনি বিশাল এক অজগর সাপ দেখতে পান। গরুগুলোর চিৎকার ও আতঙ্কিত নড়াচড়ায় সাপটি খামারের বাইরে চলে আসলে সেখানে উপস্থিত সকলে ভীত হয়ে পড়ে।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ সতর্কতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকৃত সাপ নিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, "উদ্ধার করা অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সাপটিকে বনে অবমুক্ত করবে।"