খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জের বেউথা ও সাটুরিয়া এলাকার খাদ্য গুদামগুলো পরিদর্শন করেছেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে এই পরিদর্শনকালে তিনি নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা ও যেকোনো সংকট মোকাবিলায় পর্যাপ্ত মজুত রাখাকে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সরেজমিনে গুদামগুলোতে মজুত খাদ্যের পরিমাণ, মান, সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম যাচাই করেন মন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। খাদ্য নিরাপত্তা সাধারণ মানুষের একটি মৌলিক অধিকার উল্লেখ করে মন্ত্রী জানান, গুদামে কী পরিমাণ খাদ্য আছে এবং তা নিরাপদে সংরক্ষিত হচ্ছে কিনা, তা সরাসরি দেখতেই এই পরিদর্শনে এসেছেন তিনি।
অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে খাদ্য গুদামের অবস্থা খুব একটা ভালো নয়। উপযুক্ত পরিবেশ ও উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকলে খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই কোথায় কোথায় সংস্কার প্রয়োজন, তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য মজুতকে কেন্দ্র করে সিন্ডিকেট সক্রিয় আছে কিনা—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তিনি কেবল দায়িত্ব গ্রহণ করেছেন। বিষয়টি তিনি পর্যবেক্ষণ ও গভীরভাবে বিশ্লেষণ করছেন এবং জনগণের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনে নিষ্ঠাবান থাকবেন তিনি বলেও জানান।
পরিদর্শনকালে জেলা খাদ্য নিয়ন্ত্রক আইয়ুব রায়হান, সাটুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা রাবেয়া খাতুন লিজাসহ গুদাম সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা খাদ্যমন্ত্রীকে বর্তমান মজুত, সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।