নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অবস্থিত দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (৩০ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত পুরুষরা হলেন—সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), নজরপুর গ্রামের আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩)।
পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবি ওসির তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর দুটি আবাসিক হোটেল অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।"
প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে তোলা হয় বলে পুলিশ জানিয়েছে।