বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নীলফামারীর তিস্তা ব্যারাজ ও এর আশপাশের স্থাপনাগুলো হঠাৎ করে পরিদর্শন করেছেন। রংপুর বিভাগের পাঁচ জেলায় চলমান তিন দিনের সফরের অংশ হিসেবে কোনো পূর্বঘোষিত আনুষ্ঠানিক কর্মসূচি ছাড়াই এই ভ্রমণ সম্পন্ন হয়, যা স্থানীয় পর্যায়ের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে ডিমলা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি ব্যারেজের সার্বিক ব্যবস্থাপনা এবং সংলগ্ন বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। সফরকালে তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এএবি) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ অন্যান্য সফরসঙ্গীরা।

তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে রাষ্ট্রদূত পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। তিন দিনের এই সফরের আওতায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। পরবর্তী ধাপে তিনি নীলফামারীর সৈয়দপুরে যাবেন। সেখানে তিনি ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে জাদুঘর, চিনি মসজিদ ও খ্রিস্টান চার্চ পরিদর্শন করবেন। এ ছাড়া এই সফরে তিনি রংপুর বিভাগের বিভিন্ন শিল্পকারখানা, ধর্মীয় প্রতিষ্ঠান ও চা-বাগান ঘুরে দেখবেন বলে জানা গেছে।

তবে রংপুর বিভাগের নির্দিষ্ট এই পাঁচ জেলা এবং এসব স্থাপনা নির্বাচনের পেছনে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য রয়েছে কি না—সে বিষয়ে মার্কিন দূতাবাস বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।