পটুয়াখালীর কুয়াকাটা উপকূলের গভীর বঙ্গোপসাগরে রোববার (৩০ আগস্ট) সকালে জেলেদের জালে একটি বিরল প্রজাতির সামুদ্রিক মাছ আটক হয়েছে। চ্যাপ্টা ও অদ্ভুত আকৃতির এই মাছটির ওজন ২ কেজি ৭০০ গ্রাম। স্থানীয় জেলে, আড়তদার ও সাধারণ মানুষের মধ্যে এটি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
মাছটি ধরার পর মহিপুর মৎস্য বন্দরের শাহীন এন্টারপ্রাইজের আড়তে নিয়ে যাওয়া হয়। তবে এটি খাদ্যোপযোগী কি না বা বিষাক্ত হতে পারে—এমন আশঙ্কায় কোনো ব্যবসায়ী এটি কেনেননি। সামুদ্রিক গবেষকদের মতে, প্রজাতিটির বৈজ্ঞানিক নাম রানজানিয়া লেভিস। দীর্ঘদিনের অভিজ্ঞ জেলেরাও এ ধরনের গঠনের মাছ আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন।
‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাহ্যিক বৈশিষ্ট্য বিশ্লেষণে এটি নিশ্চিতভাবেই ‘স্লেন্ডার সানফিশ’। তিনি বলেন, এটি কোনো বাণিজ্যিক মাছ নয়; মূলত উন্মুক্ত মহাসাগরের প্রজাতি। অনাকাঙ্ক্ষিতভাবে অন্য মাছের সঙ্গে বাইক্যাচ হিসেবে জালে উঠে এসেছে এটি। বঙ্গোপসাগরের সুসমৃদ্ধ জীববৈচিত্র্যের ইঙ্গিত বহন করে এমন ঘটনা। ভবিষ্যৎ পরিবেশগত গবেষণার জন্য এগুলোর অবস্থান ও আকার নথিভুক্ত করা জরুরি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে নানা বৈচিত্র্যময় প্রাণীর বসবাস। জেলেদের জালে এ জাতীয় বিরল কোনো প্রজাতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে মৎস্য বিভাগকে জানানোর পরামর্শ দেন তিনি, যাতে প্রজাতি শনাক্ত ও ডেটা সংরক্ষণ সহজ হয়।