দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু রংপুরের চার খুন মামলার দ্রুত বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীসহ চার জনকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিশ্রুতি দেন।
আসাদুল হাবীব দুলু বলেন, মাদকের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এ কারণেই মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন হচ্ছে। কোনো কারণে মাদককে ছাড় না দিতে জিরো টলারেন্সে সরকার।
এর আগে সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। তিনি বলেন, তিস্তা পাড়ের পাঁচ জেলার দুই কোটি মানুষ সম্পৃক্ত ছিল এমন বড় আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে কোনো সমীক্ষা না হওয়ায় প্রকল্পটিতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে তিনি স্বীকার করেন, বিষয়টি নিয়ে সরকার নিষ্ক্রিয় নেই।
তিনি আরও বলেন, যেহেতু শুষ্ক মৌসুমে তিস্তায় পানি কম থাকে, আবার পার্শ্ববর্তী দেশ যদি পানি চুক্তি না করে, তাহলে শুকনা মৌসুমে পানি ধরে রাখতে নকশা তৈরিতে কাজ করছে সরকার। এজন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে, গত সপ্তাহেও সেই কমিটির মিটিং হয়েছে। পার্শ্ববর্তী দেশ পানি চুক্তিতে সম্মত না হলে অথবা পানি না দিলে, যাতে শুষ্ক মৌসুমেও তিস্তাসহ এর সাথে ১৬টি শাখা নদীর পানি ধরে রাখা যায়, সেইভাবেই নকশা তৈরি করে কাজ করা হবে। আর এ কাজটি করতে একটু সময় লাগছে।
আই ই টি রংপুরের পরিচালক নাজমুল আলম নাজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।