পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় নির্মাণাধীন একটি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রে চাঁদা দাবি, ব্যবসায়ীকে কাজের অংশীদার করার চাপ এবং বালু পরিবহনের পাইপ ভাঙচুরের অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) ঢাকা ও পিরোজপুরের কদমতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন—কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কদমতলা গ্রামের নির্মাণাধীন বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বালু ভরাটের কাজ নেন ব্যবসায়ী মো. জাকির হোসেন। গত ১৩ আগস্ট কাজ শুরু করলে সালাম শেখ তার কাছে কাজের অংশীদারত্ব দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে সালাম শেখ ও তার সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ বালু পরিবহনের প্লাস্টিক পাইপ ভেঙে ক্ষতিগ্রস্ত করেন। এতে ব্যবসায়ী জাকির হোসেনের আনুমানিক দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়।

এ ঘটনায় রোববার পিরোজপুর শহরের কুমারখালী এলাকার বাসিন্দা জাকির হোসেন বাদী হয়ে সালাম শেখসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।

পিরোজপুর সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মামলা হওয়ার পরই অভিযান চালিয়ে প্রধান আসামি সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিন আসামিকে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।