কাপ্তাই হ্রদে পানি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রাঙামাটি কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে প্রতি সেকেন্ডে মোট ৯০ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে যাচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পানি বৃদ্ধির কারণে রাঙামাটি পর্যটনকেন্দ্রের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুটি এখন পানির নিচে। ফলে সেখানে ঘুরতে আসা পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অন্যদিকে সাজেকগামী বাঘাইহাট সড়ক থেকে পানি সরে যাওয়ায় ওই পথে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই প্রথম দফায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খোলা হয়েছিল। পরে পানি কমে গেলে ২৩ জুলাই সেগুলো বন্ধ করে দেওয়া হয়।