নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে রোববার (৩০ আগস্ট) ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। দুপুরে ফেনীর জেলা প্রশাসক মনিরা হকের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী—এই তিন জেলা নিয়ে গঠিত প্রস্তাবিত নোয়াখালী বিভাগের ঐতিহাসিক, ভৌগোলিক, অর্থনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনা করে দ্রুত বিভাগ ঘোষণা ও বাস্তবায়ন করা প্রয়োজন। ফেনী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলা। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়; বরং বৃহত্তর নোয়াখালীর জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা। বিভাগ বাস্তবায়ন হলে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল, ফেনী জেলা শাখার সভাপতি ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ নুরুল আফসার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন আলমগীর, সদস্য আবু সুফিয়ান, নাজনুল হাসান, দেলোয়ার হোসেন লিটন, মোহাম্মদ সৈকত এবং নির্বাহী সদস্য খালিদ হাসান মিরাজ ও মাইন উদ্দিন রানাসহ ফেনীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের নেতৃবৃন্দ।

সংগঠনের নেতারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এই দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এই স্মারকলিপি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নোয়াখালী বিভাগ বাস্তবায়নে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে।