কক্সবাজারের মহেশখালী উপজেলায় অটোরিকশা থেকে পলিথিনে মোড়ানো ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঠাকুরতলা চৌরাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার দুপুরে মহেশখালী থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন—মহেশখালীর ঠাকুরতলা এলাকার মানিক দে (৩৮) এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. রুবেল মিয়া (৩৪)। তাদের কাছ থেকে একটি রাইফেল, ছয়টি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ২১ আগস্ট মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ জেটিঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আগ্নেয়াস্ত্রের চালান চকরিয়ার বদরখালীতে নেওয়া হবে। এরপর ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে তল্লাশিচৌকি বসানো হয়।

তিনি আরও বলেন, অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে অটোরিকশা থেকে দুইজনকে আটক করে, তবে অপর দুইজন পালিয়ে যায়। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।