হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সোহাগ মিয়া (২১)।

তিনি উপজেলার চিমটিবিল এলাকার সফিকুল ইসলামের ছেলে। পরিবারের দাবি, তিনি স্থানীয় এক রাখাল ছিলেন।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান মুক্তকণ্ঠকে জানান, ঘটনার পরপরই বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। শূন্য লাইনের এক কিলোমিটার ভারতীয় অংশে এই গুলিবর্ষণ হয়। বিএসএফ গরু চোরাকারবারি শনাক্ত করে গুলি চালালে ওই ব্যক্তি প্রাণ হারান। নিহতের লাশ বর্তমানে পুলিশের কাছে রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে মাটিতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। পোশাক দেখে স্থানীয়রা ধারণা করেন, তিনি বাংলাদেশি। পরে পরিবারের সদস্যরা লাশটি চিনে নেন। তাকে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আবদুল কাদির দাবি করেন, তাঁর ভাতিজা সীমান্তে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। কিন্তু বিএসএফ গরু চোরাকারবারি সন্দেহে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনার পর বেলা দুইটা পর্যন্ত লাশটি হাসপাতালে রাখা হয়। এরপর বেলা সাড়ে ৩টার পর চুনারুঘাট থানার পুলিশ হাসপাতালে গিয়ে সোহাগ মিয়ার সুরতহাল সম্পন্ন করে।