আন্তর্জাতিক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ফেনীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ফেনী ইউনিটের উদ্যোগে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। দীর্ঘ ১২ বছর আগে গুম হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের নিখোঁজ অবস্থায় উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সমাবেশে।

আলোচনা সভায় গুম হওয়া যুবদল নেতার মা রওশন আরা বেগম বলেন, "২০১৪ সালে আইনশৃঙ্খলা বাহিনীর (র‍্যাব) পরিচয়ে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে তুলে নেওয়া হয়। এর পেছনে ফেনীর তৎকালীন এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সরাসরি জড়িত ছিলেন। দীর্ঘ ১২ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরেও আমি আমার ছেলের কোনো হদিস পাইনি, এমনকি ওই সময় থানায় মামলা পর্যন্ত নেওয়া হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আমার ছেলের দ্রুত সন্ধান ও এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।"

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আব্দুর রহিমের সভাপতিত্বে ও ‘অধিকার’ ফেনী ইউনিটের ফোকাল পার্সন নাজমুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অধিকারের সদস্য জাফর আহমদ ভূঁইয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাপ্তাহিক ‘আনন্দ তারকা’র সম্পাদক এম মামুনুর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন জাফর উল্লাহ, সাপ্তাহিক ‘স্বদেশপত্র’ সম্পাদক এন এন জীবন, দৈনিক ‘অজেয় বাংলা’র শাহজালাল ভূঁইয়া, সামাজিক সংগঠন ‘ফেয়ার’-এর প্রতিষ্ঠাতা কাজী সালাউদ্দিন নোমান, এবি যুব পার্টির ইব্রাহিম সোহাগ, গুমের শিকার রিপনের বড় ভাই মাহফুজুর রহমান সোহাগ, চাচা ওয়াহিদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।