কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে আটকের পর আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ জামান সরকার ও তার ভাই সোহাগ সরকারকে পুলিশ ছেড়ে দিয়েছে। পুলিশের দাবি, অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযানে ভুলবশত তাদের আটক করা হয়েছিল।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে ভিটিপাড়া গ্রামে। স্থানীয় সূত্র জানায়, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জামান সরকার ও তার ছোট ভাই সোহাগ সরকারকে নিজ বাড়ি থেকে আটক করলে খবর পেয়ে স্থানীয়রা বাড়ির সামনে জড়ো হন। তারা মুক্তির দাবি জানান এবং পুলিশের এই কাজের নিন্দা জানান। স্থানীয়দের প্রতিবাদ ও চাপের মুখে শেষ পর্যন্ত পুলিশ দুই ভাইকে ছেড়ে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, সুনির্দিষ্ট কোন আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের আটক ও মুক্তি দেওয়া হলো। ভিটিপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ নাঈম বলেন, "এখানে যার যার পছন্দমতো রাজনৈতিক দল সমর্থন করার অধিকার রয়েছে। কিন্তু কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হলে সমাজের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।"

একই এলাকার বাসিন্দা আরমান পাঠান বলেন, "রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে আমাদের সামাজিক সম্পর্কে কোনো রেষারেষি নেই। কোনো যৌক্তিক কারণ ছাড়া কাউকে এভাবে হয়রানি করার সুযোগ নেই।"

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, "অন্য এক আসামিকে আটক করতে গিয়ে ভুলবশত পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পরবর্তীতে স্ব-স্ব পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।"