প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যদিও চলমান পাইলট পর্যায়ে কোনো জটিলতা দেখা দিলে সময়সীমা সামান্য স্থগিত হতে পারে, তবে ২০২৭ সালের মধ্যেই এটি সারা দেশে চালু করার লক্ষ্য রাখা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে রংপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, স্কুল ফিডিংয়ের বর্তমান পাইলট কার্যক্রম থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। আগামীকাল সোমবার দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাওয়া একটি কর্মশালায় এর বিস্তারিত মূল্যায়ন ও কার্যক্রমের চিত্র উপস্থাপন করা হবে। পাইলট পর্যায়ে এটি সফল হলে আগামী বছরের শুরুতেই একযোগে সারা দেশে এই কর্মসূচি চালু করা হবে।
শিক্ষার্থীর সংখ্যা নিয়ে প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থী বাড়ছে নাকি কমছে—সেটি মুখ্য নয়, বরং প্রতিটি শিশু যেন বিদ্যালয়ে যায় এবং সঠিক ও মানসম্মত শিক্ষা পায়, তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, যে কোনো প্রাতিষ্ঠানিক সুবিধায় সঠিক শিক্ষা দেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে সরকারের কঠোর নজরদারি থাকবে। শিশুদের শিক্ষা অর্জনে কোনো ধরনের আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী পিটিআই-এর প্রশিক্ষণার্থীদের সাথে ছয় ঘণ্টাব্যাপী একটি কর্মশালায় যুক্ত হন।