খুলনায় ডেঙ্গুভাইরাসের প্রকোপ বাড়ার প্রেক্ষিতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় রক্ত সরবরাহ ও জনসচেতনতা বৃদ্ধিতে মাঠে নামছে খুলনা মহানগর ছাত্রদল। নগরীর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে বুথ স্থাপন করে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানের অঙ্গীকারনামা সংগ্রহ এবং রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় সরকারি ব্রজলাল (বিএল) কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। ‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, ডেঙ্গু প্রতিরোধ করি’—স্লোগানকে সামনে রেখে একই সময়ে নগরীর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে সমান্তরালভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

খুলনা মহানগর ছাত্রদল জানিয়েছে, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা।

তিনি বলেন, গত দুই মাস ধরে খুলনা মহানগর ও জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ রয়েছে। এ অবস্থায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করতে ছাত্রদলের এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

এস এম শফিকুল আলম মনা আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে নগরীর সাতটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তদাতার তালিকা তৈরি ও ব্লাড ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ডেঙ্গু মোকাবিলায় খুলনা মহানগর বিএনপিও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করতে কল সেন্টার ও হেলথ সেন্টার চালু করা হয়েছে। সেখানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চিকিৎসাসেবা দিচ্ছে। এ ছাড়া রকিবুল ইসলাম বকুলের ব্যক্তিগত উদ্যোগে একটি বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৫০টি অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।

মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্যসচিব হাবিবুর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক এফ এম আব্দুর রাজ্জাক এবং শিক্ষক পরিষদের সম্পাদক ভূইয়া এমদাদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএল কলেজের পাশাপাশি খুলনা আজম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, এম এম সিটি কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ও হাজী মোহাম্মদ মহসিন কলেজে একই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাম্পাসে স্থাপিত বুথে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা এবং জরুরি প্রয়োজনে রক্তদানের অঙ্গীকারনামা সংগ্রহ করা হচ্ছে। ছাত্রদল জানিয়েছে, এসব বুথ থেকে প্রতিদিন রক্তদাতাদের তথ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী রক্তদানের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শেখ আল আমিন, সদস্যসচিব ডা. এস এম কামরান হোসেন ও ডা. সুদীপ্ত কুমার পালসহ চিকিৎসক, বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন.