রাজধানীর আদাবর থানার মো. ইসহাক জমাদ্দার হত্যা মামলায় ঝালকাঠি–১ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমর (বীর উত্তম)-কে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে কারাগারে প্রেরণের আদেশও জারি করা হয়েছে।
রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। শুনানি শেষে আসামিকে কাঠগড়ায় নেওয়া হয় এবং গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর বিচারকের কাছে যুক্তি উপস্থাপন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিং বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া আসামি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এর পরই আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন বরিশালের বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মো. ইসহাক জমাদ্দার। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৫ সালের ২ জুলাই আদাবর থানার উপপরিদর্শক মো. আশরাফ হোসেন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। পুলিশ গত ২৪ আগস্ট শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। সেদিন আদালত বিষয়টি শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছিল।
এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি রাজধানীর একাধিক থানায় করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান। সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।