রাজধানীর যাত্রাবাড়ী থানায় জুলাই গণ-অভ্যুত্থানকালীন একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক পুলিশের আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন পারভেজ হাওলাদার। ওই বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী মহাসড়ক এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেওয়ার সময় হাতবোমা ও এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত পারভেজকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পারভেজের মা সেলিনা বেগম ২০২৫ সালের ১৫ নভেম্বর এই ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করেন। গত ১৯ আগস্ট পুলিশ নুরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানায়। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩০ আগস্ট তারিখ ধার্য করেছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৬ সেপ্টেম্বর পুলিশ নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।