জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের (৫৬) মৃত্যুর ঘটনায় মূল সন্দেহভাজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-২ আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের মধ্যে মূল সন্দেহভাজনের নাম পনি ওরফে প্যারা পনির। তাঁর সহযোগীর পরিচয় এখনও জানানো হয়নি। বিষয়টি নিয়ে আজ রোববার বিকেল চারটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলন করবেন অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) নয়মুল হাসান।

গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া থেকে বাসে করে ঢাকায় আসেন রনজিলা পারভিন ও তাঁর স্বামী আবদুল মতিন। ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার জন্য তারা এসেছিলেন। ভোরে কল্যাণপুর টার্মিনালে নেমে হাসপাতালের উদ্দেশ্যে অটোরিকশায় ওঠেন তারা। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে পেছন থেকে একটি মোটরসাইকেল থেকে নেমে ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে অটোরিকশা থেকে নিচে পড়ে যান তিনি। মাথায় গুরুতর আঘাত লাগলে সঙ্গে থাকা স্বামী তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন রনজিলা পারভিন। তাঁদের গ্রামের বাড়ি গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামে। স্বামী আবদুল মতিন বগুড়া শহরের নিউমার্কেট এলাকায় পোশাকের ব্যবসা করেন। তাদের মেয়ে তাকিয়া আকতার রাইসা ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ডিএমপির তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ছয় মাসে রাজধানীতে ১৭২টি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৮টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ওয়ারী থানা এলাকায়। আর ৩৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায়। তবে ছিনতাইয়ের সব ঘটনায় মামলা হয় না। বেশির ভাগ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আবার ছোটখাটো ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিরা জিডিও করেন না।