বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় নালা নির্মাণের খননকাজ চলাকালে মাটির নিচ থেকে ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে এই আবিষ্কার ঘটে।
বগুড়া সিটি করপোরেশনের মাস্টার নালা নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। খননকাজের একপর্যায়ে নালার দেয়ালের দক্ষিণ পাশে মাটির ভেতর একটি ধাতব বস্তু দেখতে পেয়ে স্থানীয় শ্রমিকরা তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে গুলিগুলো উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, "খননকাজের সময় শ্রমিকরা মাটির নিচে গুলিগুলো খুঁজে পান। ঘটনাস্থল থেকে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে।"
ওসি আরও জানান, "উদ্ধার হওয়া গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।"