ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ইসলামী ছাত্রশিবির সভাপতি দেলোয়ার হোসেনকে এই আসন থেকে দলের পক্ষে লড়ার সুযোগ দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে এক সমাবেশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম এ বিষয়ে তথ্যটি জানান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি উপজেলা) থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন, যা উপনির্বাচনের পথ প্রশস্ত করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। জামায়াত দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম করছে। আমরা সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে দেলোয়ার হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করছি। জনগণ যদি সঠিকভাবে তাদের ভোট দিতে পারে এবং নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমাদের প্রার্থী জয়লাভ করবে ইনশাআল্লাহ।

জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। এছাড়া দিনাজপুরের সাবেক আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, নীলফামারীর সাবেক আমির আব্দুর রশিদ, পঞ্চগড়ের আমির ইকবাল হোসেন ও জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীরসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।