বগুড়ায় প্রবাসী নাগরিকের স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. মাসুদকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, ৩৪ বছর বয়সি ভুক্তভোগী নারীর স্বামী চার বছর ধরে প্রবাসে থাকেন। একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মাসুদ জোরপূর্বক ওই নারীর মোবাইল ফোন কেড়ে নেন এবং তা ফেরত নিতে নিজের বাড়িতে ডাকেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে মাসুদ তাকে প্রথম জোরপূর্বক ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করেন।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, পরবর্তীকালে সেই ধারণকৃত ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে ভুক্তভোগী নারীকে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২২ আগস্ট বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে ১ নম্বর আসামি মাসুদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আলাদীপুর এলাকায় অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়.