জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসে প্রবেশ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। রাজধানীর গুলশান কূটনৈতিক এলাকায় অবস্থিত দূতাবাসটি গত বুধবার তার ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "ঢাকার জার্মান দূতাবাসে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিনটি কেমন হতে পারে, এ নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে, আজ আমরা আপনাদের আরও একটি বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি।"

দূতাবাসটি স্পষ্ট করে বলেছে, "সঠিক দরজা ব্যবহার করুন। দূতাবাসে প্রবেশের জন্য দুটি গেট রয়েছে—একটি দূতাবাসের কর্মীদের জন্য এবং অন্যটি ভিসা আবেদনকারীদের জন্য।"

গুলশান-২ চক্কর থেকে আগত ভিসা আবেদনকারীদের জন্য নির্দিষ্ট দরজা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আপনি যদি গুলশান ২ চক্কর থেকে দূতাবাসের দিকে আসেন, তবে আপনার জন্য সঠিক দরজা হবে দ্বিতীয়টি। তবে চিন্তার কিছু নেই। আপনাকে সঠিক স্থানে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নিরাপত্তাকর্মীরা সব সময়ই সেখানে রয়েছেন।"