বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে অগ্রণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি) তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এই বিশেষ উপলক্ষ্যে গত শনিবার রাজধানীর গুলশান এলাকার একটি হোটেলে ‘সেলিব্রেটিং অ্যান এরা অব আইদেশি’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে দেশের বিপুলসংখ্যক মানুষ প্রতিরোধযোগ্য নানা রোগে ভুগছেন। দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখো নারী এমন সব রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলো প্রতিরোধ করা সম্ভব।”

তিনি আরও উল্লেখ করেন যে, সরকার বর্তমানে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে ৮০ শতাংশই নারী। ডা. জুবাইদা রহমানের মতে, এই স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের দোরগোড়ায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি তিনি রোগ প্রতিরোধে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার তার বক্তব্যে বলেন, “দেশের স্বাস্থ্যব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্ব দিতে হবে।” একইসঙ্গে তিনি বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণার সক্ষমতা আরও বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা ও লিড ফিরদৌসী কাদরী প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে বলেন, “গত ১২ বছরের অর্জন সম্ভব হয়েছে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও সহযোগিতায়।” তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন যে, দেশের অপূর্ণ স্বাস্থ্যচাহিদা পূরণে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

২০১৪ সালে যাত্রা শুরু করা আইদেশির ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, স্বাস্থ্য ও বিজ্ঞান খাতের বিশেষজ্ঞ, গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং ওষুধশিল্পের সাথে যুক্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ‘একসঙ্গে বিজ্ঞানের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে জনস্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য সুরক্ষা, বাংলাদেশে বায়োলজিক্যালসের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় এবং সংক্রামক রোগ দমনে ও জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার কার্যকর ব্যবহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ইউনিসেফের উপপ্রতিনিধি ডা. মালালায় আহমাদজাই এবং বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের সদস্য ডা. হারুকা সাকামোতোসহ আরও অনেকে।