শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তিনি বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে সেখানে উপস্থিত ১৫০ জন শিশু তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় এবং প্রধানমন্ত্রী অন্যান্য অতিথিদের সাথে নির্ধারিত আসনে অবস্থান গ্রহণ করেন।
এই বিশেষ আয়োজনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সুবর্ণ জয়ন্তী ও শিশু অধিকার দিবসের এই উদযাপনের মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ স্মারক উপহার প্রদান এবং স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সাথে প্রধানমন্ত্রীর সরাসরি মতবিনিময়ের কথা রয়েছে। পাশাপাশি প্রাঙ্গণে প্রদর্শিত শিশুদের আঁকা ছবি এবং ফটো গ্যালারি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন এবং উক্ত ভবনের নিচতলায় নবনির্মিত সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন।