বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা এবং প্রারম্ভিক শিশু বিকাশ বা ইসিডি (ECD) নিয়ে নিরলস কাজ করে যাওয়া প্রতিষ্ঠান ‘আলোকিত শিশু’র ১৮ বছর পূর্ণ হয়েছে। এই বিশেষ মাইলফলক উদযাপনে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী এক বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক এই আয়োজনে বিশেষ শিশু, তাদের অভিভাবক, শিক্ষক, থেরাপিস্ট, গবেষক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো একাডেমি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

২০০৯ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে বিশেষ শিক্ষা, ইসিডি কার্যক্রম, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি এবং ফিজিওথেরাপির মতো গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে আসছে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের বিশেষ প্রশিক্ষণ এবং আবাসিক সেবার মাধ্যমে তারা হাজারো শিশুর জীবনকে আলোকিত করার মিশনে কাজ করে যাচ্ছে।

উৎসবের প্রথম পর্বটি ছিল আনন্দময়। বিশেষ শিশু, অভিভাবক এবং শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মজার ক্রীড়া উৎসব। এরপর শিশুদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে এই প্রতিযোগিতার বিশেষত্ব ছিল ভিন্ন; এখানে প্রতিটি অংশগ্রহণকারী শিশুকেই চ্যাম্পিয়ন ক্রেস্ট প্রদান করা হয়। এর পেছনে প্রতিষ্ঠানের একটি সুন্দর দর্শন কাজ করে, কারণ, ‘আলোকিত শিশু’ মনে করে সমাজে প্রতিটি বিশেষ শিশু ‘একেকজন চ্যাম্পিয়ন’।

দিনটির শেষ পর্যায়ে সন্ধ্যা ছয়টায় একটি সেমিনারের আয়োজন করা হয়। সেখানে প্রারম্ভিক শিশু বিকাশ, থেরাপি সেবা এবং বিশেষ শিক্ষার আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের মধ্যে বিস্তারিত আলোচনা চলে। সেমিনারের মূল প্রবন্ধটি উপস্থাপন করেন ‘আলোকিত শিশু’র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মো. মাহফুজ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিবি হাজ্জাজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মোহাম্মদ হারুন অর রশীদ, কন্টিনেন্টাল হাসপাতাল লিমিটেডের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. আনজুমান আরা বিউটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ‘১৮–র জয়গান’ কেবল একটি উৎসব নয়, এটি বিশেষ শিশুদের অধিকার ও সম্ভাবনাকে সমাজের মূলধারায় ছড়িয়ে দেওয়ার একটি প্রত্যয়।