ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশ এবং সপ্তক শাস্ত্রীয় সংগীত পরিষদ বাংলাদেশের যৌথ উদ্যোগে সম্প্রতি আয়োজন করা হয়েছে ‘রাগ অঞ্জলি–২০২৬’। গত শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীতের সুর, তাল ও লয়ের এক অপূর্ব সমন্বয় ফুটে ওঠে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
মূলত শাস্ত্রীয় সংগীতের সমৃদ্ধ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা এবং প্রাচীন গুরু-শিষ্য পরম্পরায় সংগীতচর্চাকে আরও বেগবান ও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভিক পর্যায়ে একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বেহালা, গিটার এবং কণ্ঠসংগীতে একক ও দলীয় পরিবেশনার মাধ্যমে পরিবেশকে সংগীতময় করে তোলেন।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, বিশিষ্ট বেহালাশিল্পী শ্যামল চক্রবর্ত্তীর পরিবেশনা। তিনি অত্যন্ত নিপুণভাবে রাগ মালকোষ পরিবেশন করেন। তাঁর বেহালার সুর এবং রাগের গভীরতা শ্রোতাদের গভীরভাবে স্পর্শ করে, যার ফলে পুরো মিলনায়তনে এক অনন্য সংগীতময় আবহ তৈরি হয়।
এছাড়া এই আয়োজনের সবচেয়ে বড় চমক ছিল ৫২ জন বেহালা শিক্ষার্থীর অংশগ্রহণে এক সম্মিলিত বৃন্দবাদন বা অর্কেস্ট্রা। একসঙ্গে ৫২টি বেহালার সুরের মেলবন্ধন অনুষ্ঠানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করে। এই বৃন্দবাদনে শাস্ত্রীয় সংগীতের রাগ ভূপালি, রবীন্দ্রসংগীত ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ এবং চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ পরিবেশিত হয়। শাস্ত্রীয় রাগ, রবীন্দ্রসংগীত ও চলচ্চিত্রের কালজয়ী সুরের এই বৈচিত্র্যময় সংমিশ্রণ দর্শক-শ্রোতারা অত্যন্ত আগ্রহের সাথে উপভোগ করেন।
পুরো বৃন্দবাদনের সার্বিক নির্দেশনা ও পরিচালনায় ছিলেন শ্যামল চক্রবর্ত্তী। অনুষ্ঠানে তবলার সংগত করেন স্বনামধন্য তবলাশিল্পী সঞ্জীব মজুমদার ও তুষার কান্তি সরকার।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাগ অঞ্জলি–২০২৬’ কেবল একটি সাধারণ সংগীতানুষ্ঠান নয়। এটি নতুন প্রজন্মের উদীয়মান শিল্পীদের প্রতিভা বিকাশ, শাস্ত্রীয় সংগীতের ব্যাপক প্রসার এবং গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নেওয়ার একটি প্রশংসনীয় প্রয়াস।