গুলশান ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস ২০২৬: ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর সমাপনী অনুষ্ঠান গত শনিবার গুলশান সেন্ট্রাল পার্কে অবস্থিত ক্লাবের বাস্কেটবল কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে। এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাকারিয়া তাহের খেলাধুলার প্রসার এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুলশান ইয়ুথ ক্লাবের যে ধারাবাহিক প্রচেষ্টা রয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সব বয়সী মানুষের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সহজলভ্য, আধুনিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ গড়ে তোলা অত্যন্ত জরুরি। বহুমুখী ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন দেশের ক্রীড়ার মান বৃদ্ধির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ একইসঙ্গে তিনি দেশের তরুণ প্রজন্ম এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে খেলাধুলা, সুস্থ প্রতিযোগিতা ও সমাজ উন্নয়নমূলক কাজে আরও বেশি সক্রিয় হয়ে ওঠার আহ্বান জানান।

বিশেষ অতিথি তাবিথ আউয়াল তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ‘ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রম নতুন প্রতিভা বিকাশ ও দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি শক্তিশালী করে।’

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমাল, সেক্রেটারি জেনারেল ও স্পোর্টসফেস্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান। এছাড়া গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জেরিন করিম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান এবং প্রাইম ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড নাবিলা খালিদ তাদের বক্তব্য ব্যক্ত করেন।

প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, আটটি ইভেন্টে গোল্ড, চারটিতে সিলভার এবং চারটিতে ব্রোঞ্জ জিতে সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গুলশান ইয়ুথ ক্লাব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পার্পল হেজ এবং শিল্পী দিঠি আনোয়ারের সংগীত পরিবেশনার মাধ্যমে পুরো আয়োজনটি সমাপ্ত হয়।

উল্লেখ্য যে, ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই স্পোর্টসফেস্টটি চলেছিল। এতে মোট ১৩টি ইভেন্টে দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের ১ হাজার ২০০ জনেরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।