মন্ত্রণালয় থেকে সংসদে বিল পাঠাতে বিলম্বের বিষয়ে আবারও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান জানিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, ‘লেজিসলেচারকে পাওয়ারড করেন, ইগনোর না (আইনসভাকে ক্ষমতাশালী করুন, অবজ্ঞা না)।’
আজ সোমবার জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপনের প্রাক্কালে ডেপুটি স্পিকার এই মন্তব্য করেন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, যেকোনো সরকারি বিল উত্থাপনের জন্য অন্তত সাত দিন আগে নোটিশ প্রদান করতে হয়। তবে স্পিকার চাইলে তাঁর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এর চেয়ে কম সময়ের নোটিশেও বিল উত্থাপনের অনুমতি দিতে পারেন।
জানা গেছে, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়াটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। কিন্তু দীর্ঘ বিলম্বের পর তা ৯ নভেম্বর, সোমবার সংসদে আনা হয়। সংসদ সচিবালয়ের সূত্র অনুযায়ী, বিলটি ৪ নভেম্বর সংসদে পৌঁছায়। ফলে বিলটি উত্থাপনের অনুমতি দিতে স্পিকারের বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের যখন বিলটি উত্থাপন করতে যান, তখন ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিলটি প্রায় চার মাস আগে, ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল।
ডেপুটি স্পিকার প্রশ্ন তোলেন, ‘এই চার মাসে আপনার এক্সিকিউটিভের পক্ষ থেকে এই বিলটা কেন এত দিন পরে এল যে আমাকে আমার প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমতা ব্যবহার) করতে হলো? আমি দিচ্ছি অনুমতি, বাট এটা বোধ হয় আগেও দু-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরেও এক্সিকিউটিভের পার্ট থেকে লেজিসলেচারকে আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে মাননীয় সদস্যরা বিলটা দেখতে পারেন না। আপনাদের চার মাস আগে যে বিলটা অনুমোদিত হয়েছে মন্ত্রিপরিষদে, এই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংসদে আসতে তো তিন-চার মাস সময় লাগার কথা না।’
মন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তী সময়ে সতর্ক থাকবেন দয়া করে, প্লিজ। লেজিসলেচারকে পাওয়ারড করেন, ইগনোর না।’ উল্লেখ্য, এর আগে গত ৩ সেপ্টেম্বরও সংসদে বিল পাঠাতে বিলম্বের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ডেপুটি স্পিকার।
পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি পর্যালোচনার জন্য এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। বিলে উল্লেখ করা হয়েছে, আইনটি পাস হলে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংস্থা গঠন করবে।
বগুড়া সিটি করপোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সিটি করপোরেশন এলাকা সংলগ্ন যেসব এলাকা নির্ধারণ করবে, সেগুলো এই কর্তৃপক্ষের অধীনে থাকবে। এই কর্তৃপক্ষ ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করে মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে। এছাড়া ভূমি জরিপ, সমীক্ষা, গবেষণা পরিচালনা এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ ও বাস্তবায়ন করার ক্ষমতা থাকবে এই কর্তৃপক্ষের। অপরিকল্পিত ও অপ্রশস্ত সড়কসহ বিভিন্ন এলাকার ভূমি পুনঃ উন্নয়ন ও পুনর্বিন্যাসে তারা উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে পারবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী জানান, উত্তরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্পসমৃদ্ধ গুরুত্বপূর্ণ শহর বগুড়া এবং এর পার্শ্ববর্তী এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন ও আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণের মাধ্যমে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন। এজন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (রাউক)-এর মতো ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন করা আবশ্যক।
এদিকে, চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে আজ তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। অধ্যাদেশগুলো হলো— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ–২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ–২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ–২০২৬। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন।