বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, সম্ভাব্য ১৩ জন নেতার একটি তালিকা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দেওয়া হয়েছে। এই তালিকায় থাকা নেতাদের রাজনৈতিক ইতিহাস, পারিবারিক পরিচয় এবং বর্তমান জীবনযাপন সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। আলোচনা চলছে যে, এই ১৩ জনের মধ্য থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচজন নেতাকে চূড়ান্ত করা হতে পারে।
নতুন কমিটি গঠনের এই প্রক্রিয়া সম্পর্কে অবগত এবং এর সঙ্গে যুক্ত ছয়জন নেতার সঙ্গে কথা বলা হয়েছে। তবে তাঁদের কেউই নিশ্চিত করে বলতে পারেননি যে, নতুন কমিটি ঠিক কবে ঘোষণা করা হবে। তাঁদের বক্তব্যের মূল কথা ছিল—কমিটি ঘোষণার চূড়ান্ত সময়টি কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানই জানেন।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবদলেও নতুন নেতৃত্ব এসেছে। বর্তমানে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের কাজও দ্রুত গতিতে চলছে। তবে বিএনপির অন্যতম প্রধান সহযোগী সংগঠন ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পদপ্রত্যাশীদের মধ্যে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিদায়ের বার্তার পরও অপেক্ষা
২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি এবং নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। গত ১৩ আগস্ট রাতে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে তারা তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের সময় কেন্দ্রীয় কমিটির আরও তিন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
সাক্ষাতের ওই রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদায়ের ইঙ্গিত দিয়ে একটি পোস্ট করেন সভাপতি রাকিবুল ইসলাম। সেখানে তিনি লিখেছেন, “জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন। পরদিন ১৪ আগস্ট সকালে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ফেসবুকে জানান, “ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন।”
এই দুই শীর্ষ নেতার পোস্টের পর সংগঠনটির কর্মী-কর্মীদের মধ্যে দ্রুত নতুন কমিটি ঘোষণার প্রবল প্রত্যাশা তৈরি হয়। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো ঘোষণা আসেনি। ফলে বিদায়ের প্রস্তুতি নেওয়া নেতাদেরই পুনরায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।
বর্তমান কেন্দ্রীয় কমিটির একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে মুক্তকণ্ঠকে বলেন, “বিদায় নিয়ে এসেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি। কিন্তু নতুন কমিটি হচ্ছে না। কী যে অপমান-অপদস্থ অবস্থার মধ্যে আছি! কেউ কথাও শুনছে না!”
নিয়মিত শিক্ষার্থী, নাকি অভিজ্ঞ নেতৃত্ব
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। আরেকটি সূত্রমতে, শীর্ষ নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে ১৩ জন নেতার বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিস্তারিত অনুসন্ধান চালানো হয়েছে। তাঁদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, পরিবারের পরিচয় এবং বর্তমান জীবনযাত্রার ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়েছে। তবে ওই ১৩ জনের নামের তালিকাটি এখনো গোপন রাখা হয়েছে।
নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড নিয়ে দলের ভেতরে দুটি ভিন্ন মত রয়েছে বলে জানা গেছে। নীতি-নির্ধারণী পর্যায়ের একটি অংশ মনে করেন, নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে কমিটি গঠন করা উচিত। তাঁদের যুক্তি হলো, অন্যান্য ছাত্রসংগঠনের নেতৃত্বে এখন নিয়মিত শিক্ষার্থীরা আসছেন, তাই ছাত্রদলের ক্ষেত্রেও এই বিষয়টি গুরুত্ব পাওয়া প্রয়োজন। অন্যদিকে, নীতিনির্ধারণী পর্যায়ের অন্য একটি অংশ মনে করেন, কেন্দ্রীয় নেতৃত্বে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতাদের রাখা উচিত। এই দুই মতের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়াকেই কমিটি বিলম্বিত হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শীর্ষ পদের দৌড়ে থাকা একজন নেতা নাম প্রকাশ না করে মুক্তকণ্ঠকে বলেন, “নতুন কমিটি নিয়ে অন্ধকারে আছি।” তিনি আরও জানান, আগে যারা কমিটি গঠন প্রক্রিয়ায় যুক্ত থাকতেন, তাঁদের কাছ থেকেও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। সবাই বলছেন, বিষয়টি প্রধানমন্ত্রী ভালো জানেন।
পদপ্রত্যাশীদের দুশ্চিন্তা
কমিটি ঘোষণায় বিলম্বের পাশাপাশি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি আগে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক পদপ্রত্যাশীকে ভাবাচ্ছে। সংশ্লিষ্ট নেতাদের মতে, অতীতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর যারা বাদ পড়তেন, তাঁদের অনেককে যুবদল বা স্বেচ্ছাসেবক দলে দায়িত্ব দেওয়া হতো। এতে ছাত্ররাজনীতি শেষ করে অন্য সংগঠনে যুক্ত হওয়ার সুযোগ থাকত। এবার যদি ওই দুই সংগঠনের কমিটি আগে হয়ে যায়, তবে ছাত্রদলের নেতৃত্বে জায়গা না পাওয়া নেতাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
একজন পদপ্রত্যাশী নেতা জানান, অনুসারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সাংগঠনিক তৎপরতা বজায় রাখতে নিয়মিত আর্থিক ব্যয় হয়। দীর্ঘ অপেক্ষার কারণে সেই চাপ এখন অনেক বেড়ে গেছে। শেষ পর্যন্ত কমিটিতে জায়গা না পেলে অনুসারীদের কীভাবে সামাল দেবেন, তা নিয়ে তিনি গভীর দুশ্চিন্তায় আছেন।
সাংগঠনিক কাজে অনিশ্চয়তার প্রভাব
শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের দাবি আদায় এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ছাত্রদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক নেতা জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের এই দীর্ঘ অপেক্ষা শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ কমিয়ে দিচ্ছে এবং পদপ্রত্যাশীদের তৎপরতা কেবল কমিটিকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে।
বর্তমান কমিটির একজন শীর্ষ নেতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে ছাত্রদলের নেতা-কর্মীদের সুস্পষ্ট নির্দেশনা ও সমন্বিতভাবে কাজ করার জন্য নেতৃত্বের অনিশ্চয়তা দ্রুত কাটানো প্রয়োজন।
কাল কর্মশালা, নতুন নির্দেশনা আসতে পারে
নতুন কমিটির ঘোষণা না এলেও আগামীকাল শনিবার গুলশানে বিএনপির কার্যালয়ে ছাত্রদলের নেতাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছে। বর্তমান কেন্দ্রীয় কমিটির একজন শীর্ষ নেতা এই তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি মুক্তকণ্ঠকে বলেন, এই কর্মশালায় কেন্দ্রীয় কমিটির শীর্ষ কয়েকজন নেতা, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১০টি মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অংশ নেওয়ার কথা রয়েছে। ক্ষমতায় আসার আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি এবং সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে তাঁদের অবহিত করা হবে। পরবর্তীতে তাঁরা নিজ নিজ ক্যাম্পাস ও ইউনিটে এই তথ্য পৌঁছে দেবেন।
ওই নেতা আরও জানান, কর্মশালায় প্রশিক্ষকেরা বিভিন্ন অধিবেশন পরিচালনা করবেন এবং মন্ত্রিসভার সদস্যদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন বলে তাঁদের জানানো হয়েছে।
ছাত্রদলের কমিটি গঠন নিয়ে সংশ্লিষ্ট একাধিক নেতার কাছে আনুষ্ঠানিক বক্তব্য চাওয়া হলেও কেউ তা দিতে রাজি হননি।