চলতি বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দিয়ে তিনি এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, "চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে"। তিনি আরও বলেন, "বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার"।
তারেক রহমান ব্যাখ্যা করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট একটি বৈশ্বিক বিষয়, যার প্রভাব বাংলাদেশেও লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্যার সমাধানে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। একই সাথে দেশে ১৩০টি নতুন গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের উন্নয়নে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধ কাজ ও অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। বিগত সময়ে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি স্বার্থে ব্যবহারের ঘটনা ঘটেছে, যাতে ভবিষ্যতে এমনটি না হয়, সে জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।