বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এ সময় ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে চেকগুলো তুলে দেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের উপ–প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেন।
তথ্য অনুযায়ী, আসন্ন শারদীয় দুর্গাপূজা এবং সাধারণ ধর্মীয় কার্যক্রমের স্বার্থে এই অনুদান প্রদান করা হয়েছে। ঢাকা-১৭ আসন এলাকার ২৮টি মসজিদের প্রতিটিতে ২ লাখ ৪৭ হাজার টাকা করে মোট অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে ১০টি মন্দিরের প্রতিটিতে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপ–প্রেস সচিব সুজাউদ্দৌলা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং পূজার আয়োজনে কোনো বাধা না থাকে, সেজন্যই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।