বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে দেশের সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ সৃষ্টি হলেও তা মোকাবিলায় সরকার বিভিন্ন বিকল্প পদক্ষেপ গ্রহণ করছে। এ বিষয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, জনগণের দুঃখ-কষ্ট লাঘব এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন রিজভী। এ সময় তিনি জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পর্কেও আলোচনা করেন।
রিজভী বলেন, "বিগত সরকারের শাসনামলে যেসব পরিবারের নারী নেতা-কর্মীরা সোচ্চার ছিলেন, তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তবে নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও দলের চেয়ারম্যান তারেক রহমান সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়ে দলকে সুসংগঠিত রেখেছেন এবং সঠিক নেতৃত্ব দিচ্ছেন।"
দেশের অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, তেল ও গ্যাস সরবরাহে সাময়িক জটিলতা একটি বৈশ্বিক ইস্যু। এই সংকট কাটিয়ে উঠতে জ্বালানি আমদানিসহ বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে গণপরিবহন স্বাভাবিক রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মানুষের জীবনযাত্রাকে সহনীয় পর্যায়ে রাখতে সরকার কার্যকর ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
নারীর ক্ষমতায়ন ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি চিরকালই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার সুবিধা আরও প্রসারিত করার চিন্তাভাবনা করছে। ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক সক্ষমতা নারীদের হাতে তুলে দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, "যাঁরা নারীদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়, তারা কাপুরুষ।"
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীরা উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।