রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের এক নেতা।

এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন ওই ছাত্রদল নেতা।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরে আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যায় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় থাকেন।

তিন যুবককে আটক করে পুলিশে দেওয়ার বিষয়টি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম। তিনি রাজীব পাটোয়ারী নামেও পরিচিত।

রাজীব পাটোয়ারী মুক্তকণ্ঠকে বলেন, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনে গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল রাখা ছিল। যুবকদের পরিচয় জানতে চাইলে তাঁদের চারজন মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যান। তবে বাকি তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।

রাজীব পাটোয়ারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। তখন তাঁরা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য তাঁরা দুঃখও প্রকাশ করেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিন যুবককে আটকের পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে তাঁদের ঘিরে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত একজন সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে মুক্তকণ্ঠকে বলেন, কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে দেখেছেন তিনি। পরে তাঁদের কয়েকজন মোটরসাইকেল নিয়ে চলে যান। এ সময় অন্য একজনকে দৌড়ে তাঁদের ধরার চেষ্টা করতে দেখেন।

তবে আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর রাত তিনটার দিকে মুক্তকণ্ঠকে বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।

তবে তাঁদের বিরুদ্ধে কোন অভিযোগে মামলা করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি পুলিশের এই কর্মকর্তা।