জার্মানিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে যাচ্ছে জার্মান সরকার। এই লক্ষ্যে ঢাকার জার্মান দূতাবাস একটি আধুনিক ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ‘ কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) চালু করা হবে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথিপত্র জমা প্রদান এবং তাদের আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হতে পারবেন। ঢাকার জার্মান দূতাবাসের প্রত্যাশা, এই ডিজিটাল ব্যবস্থার ফলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
এর আগে প্রচলিত অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, যা অনেকের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই দীর্ঘসূত্রতা কমিয়ে আবেদন প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতেই ডিজিটাল পোর্টাল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই পদ্ধতিতে আবেদনকারীরা দূতাবাসে সশরীরে উপস্থিত হওয়ার আগেই অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং নথিপত্র আপলোড করতে পারবেন। এছাড়া ভিএফএসের (VFS) মাধ্যমে আবেদন সংক্রান্ত নথিপত্রগুলো প্রাথমিকভাবে যাচাই করার সুযোগ পাওয়া যাবে, যা পুরো প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ করবে।
জার্মানির এই উদ্যোগ মূলত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে নেওয়া হয়েছে, যা আবেদন প্রক্রিয়াকে দ্রুত এবং সময়সাশ্রয়ী করবে। তবে একটি বিশেষ বিষয় হলো, যারা আগে থেকেই তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন, তাদের পুনরায় আবেদন করতে হবে।
জার্মান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, “দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বাড়ানোর পাশাপাশি ভিসা আবেদনপ্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী ও কার্যকর করতে নতুন (কনস্যুলার সার্ভিসেস পোর্টাল) উদ্যোগ নিয়েছে দেশটি।”
নতুন এই ব্যবস্থার ফলে অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত দিনে আবেদনকারী শিক্ষার্থীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের কাজগুলো অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি ডিজিটাল পোর্টালের মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের আবেদনের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন।
তবে ডিজিটাল ব্যবস্থাটি চালু হওয়ার পর একটি বিশেষ পরিবর্তন আসবে। আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ, যেসব শিক্ষার্থী ইতিমধ্যে পুরনো ব্যবস্থায় নিবন্ধন সম্পন্ন করেছেন, তাঁদেরও নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন করতে হবে।
দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন এবং সামগ্রিক আবেদন প্রক্রিয়ার মানোন্নয়নের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। তারা স্বীকার করেছে যে, আগের ব্যবস্থায় দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য এই নতুন নিয়মটি সাময়িকভাবে কিছুটা অসুবিধার কারণ হতে পারে। তবে দীর্ঘমেয়াদে এই ব্যবস্থার ফলে আবেদন প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা এই নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের জন্য শিক্ষার্থীদের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে প্রবেশ করতে হবে। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্রের তালিকা এবং বিস্তারিত নির্দেশনা নতুন পোর্টাল ও জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।