রাজধানীর গুলশানে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘হার পাওয়ারফুল স্টোরি, নভেম্বর এক্সপো ২০২৬’ প্রদর্শনী সফলভাবে শেষ হয়েছে। গত ১৪ ও ১৫ নভেম্বর গুলশান-১ এলাকায় অবস্থিত সুবর্ণভূমি ফাউন্ডেশনের ইসলাম লজে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
‘হার পাওয়ারফুল স্টোরি’ এবং ‘রেহনুমা সিডব্লিউই’র যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব ব্র্যান্ডের বৈচিত্র্যময় পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন।
আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলায় দেশীয় ঐতিহ্যের পাশাপাশি আধুনিক নকশার পোশাক, হাতে তৈরি নান্দনিক গয়না, অর্গানিক উপায়ে তৈরি ত্বকচর্চার পণ্য, ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী, ইনডোর প্ল্যান্ট বা ঘরের গাছ এবং ঘরে তৈরি সুস্বাদু খাবারের স্টল ছিল। ক্রেতা ও দর্শনার্থীদের কাছ থেকে এই প্রদর্শনীতে বেশ ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল লিনাজ জুয়েলারি, আমিরা’স ক্রিয়েশন, শপ স্টপ, তাফান্নুম কালেকশন, শুভ্রতা, রাঙা, মানহা’স গার্ডেন, ফ্রেশ পার্পল, গার্লি বুটিক, ব্রিজেস ক্রিয়েশনস, রাগা বাই অনিন্দিতা, সাফা ফুড, ড্যাজলিং অ্যাটায়ার ফ্যাশন হাউস, রানী’স ফ্যাশন, নায়ীরা ফ্যাশন, বিদোরা এবং সুমি’স কালেকশন।
আয়োজকদের পক্ষে লিনাজ জুয়েলারির স্বত্বাধিকারী লীনা ফেরদৌস বলেন, ‘প্রত্যেক নারীরই একটি নিজস্ব গল্প আছে, যা অন্য নারীদের অনুপ্রাণিত করতে পারে। বড় পরিসরের মেলায় অনেক ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নেওয়ার সুযোগ পান না। তাই আমরা এলাকাভিত্তিক এমন মেলার আয়োজন করছি, যাতে স্থানীয় উদ্যোক্তারা সহজেই ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন।’
পুরো মেলাটি পরিচালনায় দায়িত্ব পালন করেন ‘হার পাওয়ারফুল স্টোরি’র তিন উদ্যোক্তা ও আয়োজক লীনা ফেরদৌস এবং ড্যাজলিং অ্যাটায়ারের স্বত্বাধিকারী সুলতানা ইসলাম ও শিউলি ইসলাম। এছাড়া এই আয়োজনে বিশেষ সহযোগিতা করেন ‘রেহনুমা সিডব্লিউই’র প্রতিষ্ঠাতা রেহনুমা সুলতানা। আয়োজকরা জানিয়েছেন, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সাধারণ ক্রেতাদের কাছে আরও সহজলভ্য করতে তারা ঢাকার বিভিন্ন এলাকায় প্রতি মাসে এই ধরনের প্রদর্শনীর আয়োজন অব্যাহত রাখবেন।