চাকরির পেছনে না ছুটে নিজস্ব উদ্যোগে পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক পিনন-হাদি তৈরির কারখানা স্থাপন করে নিজের ভাগ্য বদলেছেন খাগড়াছড়ির তরুণ উদ্যোক্তা কেতন চাকমা সন্দুক। স্নাতক বা অনার্স শেষ করার পর চাকরির অপেক্ষায় সময় নষ্ট না করে তিনি তাঁর মায়ের নামে প্রতিষ্ঠা করেন ‘মিতা টেক্সটাইল’। ২০২১ সালের শুরুর দিকে মাত্র ছয়জন নারী শ্রমিক নিয়ে এই কারখানার যাত্রা শুরু হয়েছিল, যা বর্তমানে সম্প্রসারিত হয়ে ২৫ জন নারীর কর্মসংস্থানে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী পোশাক তৈরির পাশাপাশি স্থানীয় নারীদের আয়ের নতুন পথ খুলে দিয়েছেন তিনি।
পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হলো পিনন-হাদি। এক সময় এই পোশাকের ব্যবহার মূলত পাহাড়ের মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বর্তমানে সমতলের মানুষের মাঝেও এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এই সুযোগটিই কাজে লাগিয়ে পিনন-হাদি তৈরির উদ্যোগ নেন কেতন চাকমা। শুরুর দিকে নিজেদের কারখানায় তৈরি হাদি কাপড় বাজারজাত করতে তাঁকে ব্যক্তিগতভাবে বিভিন্ন দোকানে ঘুরে বেড়াতে হতো। তবে সময়ের সাথে সাথে মিতা টেক্সটাইলের পরিচিতি ও চাহিদা বৃদ্ধি পায়। এখন খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এই পোশাক। বর্তমানে পাইকারি ক্রেতারা সরাসরি কারখানায় এসে পণ্য সংগ্রহ করছেন।
কারখানার পরিধি বৃদ্ধির ফলে এখন বাবা-মাকেও সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন কেতন। এখানে কর্মরত নারী শ্রমিকরা তাদের দক্ষতা অনুযায়ী মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। এর ফলে তারা নিজেদের সংসারে আর্থিক অবদান রাখার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন। কেতনের এই সফল উদ্যোগ দেখে এলাকার আরও অনেক নারী এই কাজ শেখার আগ্রহ প্রকাশ করছেন।
স্বপ্নদ্রষ্টা কেতন চাকমা সন্দুক বলেন, “অনার্স শেষ করার পর চাকরির পেছনে না ছুটে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে কিছু করার চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া। পাহাড়ের পাশাপাশি সমতলেও পিনন-হাদির ব্যাপক চাহিদা রয়েছে। শুরুতে অনেক পরিশ্রম করে নিজেই দোকানে দোকানে পণ্য বিক্রি করেছি। এখন পাইকারি ক্রেতারা কারখানায় এসে পণ্য নিয়ে যাচ্ছেন। আমাদের দেখে অন্যরাও এ কাজের প্রতি আগ্রহী হচ্ছেন, তাদের আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।”
মিতা টেক্সটাইলের স্বত্বাধিকারী মিতা চাকমা বলেন, “শুরুতে মাত্র ছয়জন নারী শ্রমিক নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে এখন ২৫ জন নারী কাজ করছেন। তাদের শ্রম ও দক্ষতায় কারখানাটি এগিয়ে যাচ্ছে। তবে সুতা, রংসহ কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে। সরকারি আর্থিক প্রণোদনা ও সহযোগিতা পেলে কারখানার পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।”
কেতনের বাবা স্বদেশপ্রীতি চাকমা জানান, ছেলের এই উদ্যোগের শুরু থেকেই তারা পাশে রয়েছেন। ছোট পরিসরে শুরু হওয়া কারখানাটি ধীরে ধীরে বড় হয়েছে এবং বর্তমানে পরিবারের সবাই মিলে এর দেখাশোনা করছেন। এই উদ্যোগের মাধ্যমে নিজেদের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি এলাকার নারীদের কর্মসংস্থান তৈরি হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।
রাঙামাটি থেকে আসা নারী শ্রমিক নাজমা আক্তার নাজু বলেন, “এই কারখানায় আমি শুরু থেকেই কাজ করে আসছি। কাজ করে নিজের আয় হচ্ছে, সংসারের খরচ চালাতে পরিবারকে সহযোগিতা করতে পারছি। আগে ঘরে বসে সময় কাটত, এখন কাজের মাধ্যমে নিজেরাও স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছি।”
নারী শ্রমিক অঞ্জনা দে বলেন, “কাজ শিখে এখন নিয়মিত আয় করতে পারছি। নিজের উপার্জনের টাকা দিয়ে পরিবারের প্রয়োজন মেটাতে পারছি। পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাক তৈরির কাজ শিখতে পেরে ভালো লাগছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, কাজের পরামর্শ নেয়; তখন খুব ভালো লাগে।”
এলাকার নারী শ্রমিক মেরীনা চাকমা বলেন, “মিতা টেক্সটাইলে কাজের সুযোগ পেয়ে আমরা উপকৃত হয়েছি। এখানে কাজ করে আয় করার পাশাপাশি নতুন নতুন নকশা ও পোশাক তৈরির দক্ষতা অর্জন করছি। এমন কারখানা আরও গড়ে উঠলে এলাকার আরও অনেক নারীর কর্মসংস্থান হবে এবং তারা নিজের কাজ ও আয়ের ওপর আত্মনির্ভরশীল হতে পারবে।”
মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক সুষ্মিতা খীসা বলেন, “মিতা টেক্সটাইলের এই উদ্যোগ স্থানীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করেছে। পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাকের বাজার সম্প্রসারণের পাশাপাশি নারীদের কর্মসংস্থানে এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। সরকারি ও বেসরকারি পর্যায়ের সহযোগিতা পেলে এ ধরনের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ আরও সম্প্রসারিত হবে এবং পাহাড়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”