কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি যে মানুষকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অনন্য উদাহরণ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নারী উদ্যোক্তা নুসরাত জাহান। এক সময়ের চরম অসহায়ত্বের মধ্য দিয়ে যাওয়া নুসরাত আজ কেবল নিজে প্রতিষ্ঠিতই হননি, বরং তার হাত ধরে আরও অর্ধশত অসহায় নারী স্বাবলম্বী হয়ে উঠছেন। বিশ্ব নারী উদ্যোক্তা দিবসে হাজারো সংগ্রামী নারীর ভিড়ে তিনি হয়ে উঠেছেন এক ব্যতিক্রমী অনুপ্রেরণা।

নুসরাত জাহানের জীবনসংগ্রামের কথা বর্ণনা করে তিনি জানান, ২০০৬ সালের ১১ জুন অষ্টম শ্রেণিতে পড়ার সময় তার বাল্যবিয়ে হয়। বিয়ের পর থেকেই সমাজ এবং শ্বশুরবাড়ির নানা কটূক্তির সম্মুখীন হতে হয়েছে তাকে। স্বামীর আর্থিক অভাবের কারণে তিনি প্রথমে শিশুদের প্রাইভেট পড়ানো শুরু করেন। সেই উপার্জিত অর্থ দিয়ে স্থানীয় কাপড়ের দোকান থেকে কাপড় কিনে ছোট শিশুদের প্যান্ট, ফ্রক এবং মশারির কুশন তৈরির চেষ্টা করতেন তিনি। তবে সে সময় তার নিজস্ব কোনো সেলাই মেশিন ছিল না, তাই অন্যের বাড়ি থেকে মেশিন ভাড়া নিয়ে সেলাইয়ের কাজ করতেন। দীর্ঘ প্রচেষ্টার পর ২০০৮ সালে কিস্তিতে একটি সেলাই মেশিন কিনে জামা বানানো শুরু করেন নুসরাত। কিন্তু শ্বশুরবাড়ির কটু কথার প্রভাব এতটাই ছিল যে, অনেকেই তার কাছে কাপড় সেলাই করতে আসা বন্ধ করে দেন। প্রতিকূল পরিবেশেও তিনি দমে যাননি। অভাবের সংসারে লড়াই করে ২০১১ সালে এসএসসি পাস করেন তিনি। ২০১৩ সালে প্রথম কন্যা সন্তানের জন্মের পর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তার। কন্যা সন্তান জন্মের পর শ্বশুরবাড়ির নির্যাতন ও কটু কথার মাত্রা আরও বেড়ে যায়; এমনকি তার ঘরের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেষ পর্যন্ত স্বামী ও সন্তানকে নিয়ে ফুলবাড়ীতে বাসা ভাড়া করে তিনি নতুন করে সংসার শুরু করেন। আর সেই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

বাল্যবিয়ের পর অদম্য ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রমের ফলেই তিনি আজ সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তিনি আরও অর্ধশত অসহায় নারীর পাশে দাঁড়িয়েছেন।

ফুলবাড়ী উপজেলার সুজাপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তিনি গড়ে তুলেছেন 'আড়শী ট্রেইলার্স'। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন 'সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লিমিটেড' নামের একটি সংগঠন। তার এই ট্রেইলার্স এবং সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় ও অবহেলিত নারীরা প্রশিক্ষণ নিচ্ছেন। কিস্তিতে কেনা মাত্র একটি সেলাই মেশিন দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজ সেখানে নুসরাত জাহানের ১১টি সেলাই মেশিন রয়েছে এবং তার অধীনে কর্মরত আছেন ১৪ জন নিয়মিত কর্মী। তার এই অসাধারণ অবদানের জন্য তিনি উপজেলা পর্যায়ে 'জয়িতা পদক' লাভ করেছেন।

নুসরাতের প্রশিক্ষণে আসা সৈয়দা রাজিয়া মনি বলেন, “আমি আপুর কাছে সেলাই প্রশিক্ষণ শিখছি। সেলাইয়ের পাশাপাশি হ্যান্ড পেইন্টিংসহ হাতের কাজ শেখান। আপু সময় নারীরা যেন বেকার না থাকে এই জন্য কাজ করছে। আমি আপুর মতো হতে চাই।”

আসিয়া বেগম নামে আরেক প্রশিক্ষণার্থী বলেন, “আমি এখানে বিভিন্ন ধরনের কাটিং, সেলাই ও হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করছি। আপুর মাধ্যমে রংপুরে সমবায় অফিসেও প্রশিক্ষণ নিয়েছি। পাশাপাশি আপুর কাছে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছি। ভবিষ্যতে আমিও আপুর মতো অসহায় নারীদের প্রশিক্ষণ দেব।”

তরুণী সুমি আক্তার জানান, “পরিবারের পাশে দাঁড়াতেই সেলাই প্রশিক্ষণ নিচ্ছি। সেলাই প্রশিক্ষণ শেষে কিছু অর্থ উপার্জন করলে সেটা পরিবারের জন্য উপকার হবে।”

নারী উদ্যোক্তা নুসরাত জাহান বলেন, “আমি প্রথম থেকে পিছিয়ে পড়া নারীকে প্রশিক্ষণের জন্য একত্রিত করি। এরপর তাদের সেলাই প্রশিক্ষণ দেই। কারণ আমার মতো তারাও সেলাই শিখে আমার মতো কিছু করতে পারুক। অসহায় নারীকে একত্রিত করার জন্য একটি সংগঠনের প্রতিষ্ঠা করি। এই সংগঠন থেকে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। এমনকি যেই নারী ঘর থেকে বের হতে পারে না, আমি তাকে ঘরে গিয়ে হস্তশিল্পের কাজ পৌঁছে দেই। সেই নারী যেন ঘরে বসে কাজ করতে পারে।”

বিশ্ব নারী উদ্যোক্তা দিবসে নারীদের উদ্দেশ্যে ফুলবাড়ী উপজেলা সমবায় অফিসার মাজহারুল ইসলাম বলেন, “সমবায় অধিদপ্তরের অনেকগুলো নিবন্ধিত সংগঠন রয়েছে। সেই সংগঠনের সদস্যদের রংপুরে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হয়। অসহায় গরিব নারীরা সংগঠনগুলোর পক্ষ থেকে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি ঋণ নিতে পারেন। এছাড়া সদস্যদের বিভিন্ন কাজের ব্যবস্থা ও সেই কাজগুলোর বিভিন্নভাবে বিক্রির ব্যবস্থাও করে থাকে সংগঠনগুলো।”