দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এই নিয়োগে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে এবং বর্তমান নিয়োগ বাতিলের দাবিতে এক মানববন্ধনের ডাক দেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গত রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আটপুকুর হাটে কাজিহাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে বলেন, কাজিহাল ইউনিয়নের ‘মেসার্স জিন্নাত সরকার’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আক্কাস আলীকে সার ডিলার হিসেবে নিযুক্ত করার ক্ষেত্রে চরম অনিয়ম ও স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে। তারা এই পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে অবৈধ হিসেবে আখ্যায়িত করে তা অবিলম্বে বাতিলের দাবি জানান।

বক্তাদের আরও দাবি, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোটা অঙ্কের অর্থ প্রদানের বিনিময়েই এই নিয়োগটি নিশ্চিত করা হয়েছে। সার ডিলার নিয়োগের ক্ষেত্রে উত্থাপিত এসব গুরুতর অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। একই সাথে বর্তমান নিয়োগ বাতিল করে স্বচ্ছতা ও যোগ্যতার মাপকাঠিতে নতুন করে ডিলার নিয়োগের আহ্বান জানান তারা।

উক্ত মানববন্ধনে ৩ নম্বর কাজিহাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. তছলিম সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আশরাফুল আলম, কৃষক দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমান এবং ফুলবাড়ী উপজেলা প্রচার দলের সহসাধারণ সম্পাদক ও কাজিহাল ইউনিয়নের ছাত্রনেতা মো. নাঈম সরকারসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।