দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের একাংশ হঠাৎ ধসে পড়ে চারজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসক ও তিনজন সহযোগী কর্মী রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় জরুরি বিভাগে প্রায় ১০ থেকে ১২ জন রোগী এবং চিকিৎসকের তিনজন সহযোগী উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রায় ৭০ বছর পুরোনো ভবনটির ছাদের নিচের অংশে প্লাস্টিকের বোর্ড লাগানো ছিল। হঠাৎ করে ছাদের প্লাস্টার খুলে পড়ে ওই বোর্ডের ওপর। এরপর প্লাস্টার ও প্লাস্টিকের বোর্ড মিলিয়ে জরুরি বিভাগের ভেতরে থাকা মানুষের ওপর পতিত হয়। এতে জরুরি বিভাগের সহযোগী রফিকুল ইসলামসহ মোট চারজন আহত হন।
আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর জরুরি বিভাগে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ছাদের প্লাস্টার ধসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি দিনাজপুরের সিভিল সার্জনকে জানানো হয়েছে।"