চলতি বছরের অর্ধেক সময় পার হয়ে গেলেও সরকারি চাকরিজীবীদের জন্য এখনো কিছু সরকারি ছুটি বাকি রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মোট সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ঘোষিত ছুটি ১৪ দিন। তবে এই ২৮ দিনের মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সাথে মিলে যাওয়ায় চাকরিজীবীরা অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাবেন না।
২৭ আগস্ট পর্যন্ত বছরের বেশিরভাগ সরকারি ছুটি ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে বাকি রয়েছে মাত্র পাঁচটি তারিখের ছুটি।
সেপ্টেম্বর মাসে থাকছে একটি মাত্র সরকারি ছুটি। ৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমীর দিনটি সাপ্তাহিক ছুটির সাথে মিলে যাচ্ছে, ফলে চাকরিজীবীরা অতিরিক্ত কোনো ছুটি পাবেন না।
অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের ছুটি রয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে সরকারি কার্যালয়গুলো বন্ধ থাকবে। যদি চাকরিজীবীরা পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নেন, তবে তা ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়ে টানা পাঁচ দিনের অবকাশ নিশ্চিত করবে।
বছরের শেষ মাস ডিসেম্বরেও দুটি সরকারি ছুটি রয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিনে ছুটি থাকবে। ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় এই ছুটিটি সাপ্তাহিক ছুটির সাথে মিলে যাবে। অন্যদিকে, ১৬ ডিসেম্বরের পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নেওয়া সম্ভব হলে, তা ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়ে টানা চার দিনের বিশ্রামের সুযোগ করে দেবে।