ময়মনসিংহ নগরে এক পশু চিকিৎসকের চেম্বারে ঢুকে তাকে এক তরুণীর জুতাপেটা করার সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মারধর, ভাঙচুর ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগে হওয়া মামলায় আফরিন রশিদ সেঁজুতি নামে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) ভোরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় ওই তরুণীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।

তিনি বলেন, মামলার আসামি আফরিন রশিদ সেঁজুতিতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত মামলার অন্যান্যা আসামিদেরও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় নগরের জিলা স্কুলের পাশের একটি গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে চেম্বারে ঘটনাটি ঘটে। শনিবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেন ভুক্তভোগী চিকিৎসক আশিকুর রহমান। এতে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবুল হাসানসহ আরও চার-পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই তরুণী চেম্বারে ঢুকে জুতা দিয়ে চিকিৎসক আশিকুর রহমানকে মারধর করছেন। পাশে দাঁড়িয়ে তালহাজুর রহমান প্রতীক মোবাইলে ঘটনা ভিডিও করছেন। পরে তাকেও চিকিৎসকের ওপর হামলা করতে দেখা যায়।

হামলার নেপথ্যে কী

চিকিৎসক আশিকুর রহমানের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় চেম্বারে এসে চাঁদার জন্য চাপ দেওয়া হলে তিনি প্রতিবাদ করেন। এরপর সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয়। হামলার পর চেম্বারের ক্যাশ বাক্স থেকে তিন লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়া হয়। এ ছাড়া চেম্বারের মালামাল ভাঙচুর করে প্রায় এক লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়।

তার দাবি, আফরিন রশিদ সেঁজুতি নামের ওই নারী একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবের ঘটনাকে কেন্দ্র করে তার ওপর ক্ষুব্ধ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য এক চিকিৎসককে নিয়ে লেখালেখির পেছনে আশিকুরের হাত রয়েছে—এমন ভুল ধারণা থেকেও হামলা হয়ে থাকতে পারে।

চিকিৎসকের অভিযোগের বিষয়ে ঘটনার সময় উপস্থিত থাকা সাকিবুল হাসান বলেন, গত সোমবার (১৭ আগস্ট) একটি গর্ভবতী পারশিয়ান বিড়ালকে সেঁজুতি চিকিৎসক আব্দুল হান্নানের কাছে রেখে যান। সেখানে বিড়ালটি মারা যায়। পরদিন ফোন করে তারা বিষয়টি জানতে পারেন। বিড়ালের মৃত্যুর ঘটনা নিয়ে ফেসবুকে লেখালেখি হলে আশিকুর রহমান ভুয়া ফেসবুকে আইডি থেকে সেঁজুতিকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ কারণে আশিকুরকে মারধর করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ফুটেজ পর্যবেক্ষণ করে ইতিমধ্যে আফরিন রশিদ সেঁজুতিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও আইনের আওতায় আনতে থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।