দিনাজপুরের খানসামায় পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করার সময় ওয়াকিটকিসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার (২৩ আগস্ট) জেলা পুলিশের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার খানসামার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যান পাড়ায় সাইফুল ইসলামের বসতবাড়িতে পুলিশ পরিচয় দিয়ে প্রবেশ করে ওই দুই ব্যক্তি। তারা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করার সময় খানসামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
আটককৃতদের পরিচয় হিসেবে জানানো হয়েছে— ঠাকুরগাঁও জেলা সদরের গোয়ালপাড়া পূর্ব শান্তিনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৪৬) এবং একই এলাকার বাংরোট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৫)।
তাদের কাছ থেকে একটি কালো-লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল, ২টি কালো রঙের ওয়াকিটকি, ৫টি মোবাইল ফোন, প্রিমিয়ার ব্যাংকের ৩০ হাজার টাকার একটি চেকের পাতা, ইসলামী ব্যাংকের দুটি এটিএম কার্ড এবং ১টি কালো রঙের স্কুলব্যাগ জব্দ করা হয়েছে।