সৌদি আরব থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। তাদের কাছ থেকে স্বর্ণালংকার ছাড়াও চারটি মোবাইল ফোন, নগদ টাকা, সৌদি রিয়াল ও সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে কক্সবাজার কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

আটককৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার মোহাম্মদ বেলালের ছেলে মো. আজিম এবং একই এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে মো. ফারুক।

লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, শনিবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের অভ্যন্তরে নেওয়ার গোপন তথ্য পান তারা। এরপর বিমানবন্দর এলাকার বাইরে নজরদারি বাড়ায় কোস্ট গার্ডের একটি দল।

কক্সবাজার শহরের নতুন ফিশারি ঘাট এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। তবে মোটরসাইকেলে থাকা দুই আরোহী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে মোটরসাইকেলটি জব্দ এবং দুই আরোহীকে আটক করা হয়।

আরাফাত হোসেন আরও জানান, আটকদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল ও সৌদি আরবের তিনটি এটিএম কার্ড পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তারা স্বর্ণগুলো সৌদি আরব থেকে নিয়ে এসেছেন।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।