যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হালিমের মোড় এলাকায় জসিমের চায়ের দোকানের সামনে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—অভয়নগর উপজেলার ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আলামিন শেখ (২৮), বুইকারা এলাকার নেছার আলী খাঁর ছেলে বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার মোক্তার গাজীর ছেলে জুয়েল গাজী (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করা হলে আলামিন শেখের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।