কক্সবাজারের চকরিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার।

রোববার (২৩ আগস্ট) উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে তাকে সহায়তা করেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম এবং চকরিয়া থানা পুলিশের একটি চৌকস টিম।

অভিযান চলাকালে থানা রোড এলাকার নবাব বাড়ি মাংস বিতানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মগবাজার এলাকার স্টার ব্রেড বেকারিকে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি ও উপাদান উল্লেখ না করা এবং বেকারি পণ্যে হাইড্রোজ ও অনুমোদনহীন রং ব্যবহারের অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চিরিংগা বাজার এলাকার বোরহান স্টোরকে মোড়কজাত শিশু খাদ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে হোটেল আল মদিনাকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কাঁচা ও রান্নাকরা খাবার একই সঙ্গে সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা এবং পিউরিয়া মিষ্টির দোকানকে মোড়কজাত পণ্যে এমআরপি না থাকা ও মিষ্টিতে তেলাপোকা থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, "বিভিন্ন ফলের দোকান, ফার্মেসি, মুদি দোকান তদারকি করা হয়েছে। তারা মূল্য তালিকা প্রদর্শন করছে কি না, সঠিক ওজনে পণ্য কেনাবেচা হচ্ছে কি না ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে। তদারকি চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে।"

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।