নরসিংদীর মনোহরদীতে নাতির দেনার দায় থেকে বাঁচতে গ্রামজুড়ে ব্যতিক্রমী মাইকিং করেছেন এক দাদা। নাতির অপকর্মের কারণে স্থানীয়দের সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়।

মাইকের ঘোষণায় বলা হয়, "এলাকাবাসী লক্ষ্য করে শুনুন, দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে—নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কোনো দোকানি বাকিসহ কেউ যেন কোনো লেনদেন বা টাকা ধার না দেন। নিষেধ সত্ত্বেও কেউ লেনদেন করলে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।"

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মাহাবুব এলাকার বিভিন্ন ব্যক্তি ও দোকানদারের কাছ থেকে টাকা ধার নিয়ে তা পরিশোধ না করে দাদার ওপর দায় চাপিয়ে আসছিলেন। এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে পরিবার ও নিজের দায় এড়াতে করম আলী প্রকাশ্যে এই সচেতনতামূলক পদক্ষেপ নেন।

বড়চাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, ঘটনাটি এলাকায় হাস্যরসের পাশাপাশি কৌতূহলের সৃষ্টি করেছে। তিনি বলেন, "মাহাবুবের অপকর্ম ও দেনার চাপে অতিষ্ঠ হয়েই তার দাদা ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবকের ওপর মাদকের প্রভাব থাকতে পারে।"