চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক দোকান কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ওই ছাত্রীর সহপাঠীরা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযুক্ত মো. শাহিন শেখ (২৫) নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকার একটি খাবারের দোকানের কর্মচারী।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ক্লাস শেষে ওই ছাত্রী চট্টগ্রাম নগরগামী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন। সেই সময় মো. শাহিন তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হলে সহপাঠীরা শাহিনকে আটক করে প্রক্টরকে অবহিত করেন। এরপর অভিযুক্ত যুবককে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে শাহিনকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয় এবং ভুক্তভোগী ছাত্রী ওই রাতেই থানায় মামলা দায়ের করেন। মামলায় শাহিন শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা মুক্তকণ্ঠকে বলেন, “গতকাল বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল রাতেই মামলা হয়েছে। আজ অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।”






